
বঙ্গোপসাগরে এস টি শহীদ সালাম নামের জাহাজের ইঞ্জিন বিকল হওয়ায় আটকে পরা ২০৫ জন পর্যটককে সেন্টমার্টিনে ফেরত নেওয়া হয়েছে। তবে জাহাজটি এখনো সাগরে আটকা পড়ে আছে।
কক্সবাজারের টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘জাহাজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। জাহাজে থাকা পর্যটকদের স্পিডবোট ও ট্রলারে করে নিরাপদে সেন্টমার্টিনে ফেরত পাঠানো হয়েছে।’
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকাল সাড়ে ৯টার দিকে জাহাজটি ২২৯ জন পর্যটক নিয়ে টেকনাফের দমদমিয়া বিআইডব্লিটিএ বন্দর থেকে সেন্টমার্টিনের উদ্দেশে যাত্রা করে। বেলা সাড়ে ৩টার দিকে সেন্টমার্টিন জেটিঘাট থেকে ২০৫ জন পর্যটক নিয়ে ফেরার পথে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। জাহাজটি সন্ধ্যা ৬টায় টেকনাফের দমদমিয়া ঘাটে পৌঁছানোর কথা ছিল। জাহাজটি ওই স্থানে প্রায় আড়াই ঘণ্টা ধরে আটকে থাকার পর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে স্পিডবোট ও ট্রলারে করে পর্যটকদের সেন্টমার্টিনে ফেরত আনা হয়।
ওই জাহাজে থাকা কয়েকজন পর্যটক ফোনে সাংবাদিকদের জানান, সেন্টমার্টিন জেটি থেকে ছেড়ে আসার কিছুক্ষণ পর জাহাজটির ইঞ্জিন বিকল হয়ে যায়। প্রায় আড়াই ঘণ্টা ধরে জাহাজের নাবিকেরা ইঞ্জিন মেরামতে ব্যর্থ হন। এ সময় জাহাজের অনেক নারী ও শিশু ভয়ে কান্নাকাটিও করে।
এস টি শহীদ সালাম জাহাজের টেকনাফের ব্যবস্থাপক মোহাম্মদ করিম জানান, রোববার সকালে জাহাজটি চলতি মৌসুমের শুরুতেই ২২৯ জন পর্যটক নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশে রওনা হয়। কিছু যাত্রী রাতযাপনের জন্য সেন্টমার্টিনে অবস্থান করেন। অন্য দুই শতাধিক পর্যটক নিয়ে বিকেলে ফেরার পথে জাহাজের ইঞ্জিন (গিয়ার) বিকল হয়ে পড়ে। বিকল হয়ে পড়ায় ইঞ্জিন চালুর চেষ্টা করা হচ্ছে।

পাঠকের মতামত