আজিজুল হক রানা, সীমান্ত প্রতিনিধি, নাইক্ষ্যংছড়ি
প্রকাশিত: ২৩/০৩/২০২৬ ৭:৩৪ পিএম

মিয়ানমার সীমান্তের দুর্গম পাহাড় ও নাফ নদীর জোয়ার-ভাটার জটিল ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে দীর্ঘদিন ধরে চলছিল অনুপ্রবেশ ও মাদক চোরাচালান। তবে সেই পরিস্থিতির অবসান ঘটাতে এবার সীমান্ত সুরক্ষায় যুক্ত হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর ‘লেজার ওয়াল’ ও কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন স্মার্ট বর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম।

‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-কে একটি আধুনিক বাহিনীতে রূপান্তর করতে সরকারের এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

অদৃশ্য লেজারে সুরক্ষা বেষ্টনী

যেসব দুর্গম এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব নয়, সেখানে বসানো হচ্ছে অদৃশ্য লেজার ও সেন্সরভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা।
এই প্রযুক্তির মাধ্যমে সীমান্তজুড়ে তৈরি হবে এক অদৃশ্য দেয়াল। কেউ সীমা অতিক্রম করলেই সঙ্গে সঙ্গে অ্যালার্ট পৌঁছে যাবে কন্ট্রোল রুমে।
এছাড়া ৫ কিলোমিটার দূর থেকে মানুষের চলাচল এবং ১৫ কিলোমিটার দূর থেকে যানবাহনের গতিবিধি শনাক্ত করতে সক্ষম এই সিস্টেম।

আকাশ ও সমুদ্রপথে নজরদারি জোরদার

সীমান্তের আকাশ ও সমুদ্রপথেও নজরদারি বাড়ানো হয়েছে বহুগুণ।
টেকনাফের শাহপরীর দ্বীপে স্থাপন করা হয়েছে আধুনিক রাডার স্টেশন, যা সমুদ্রপথে সন্দেহজনক নৌযান পর্যবেক্ষণ করবে।
অন্যদিকে, সেন্ট মার্টিন ও ভাসানচরের মতো বিচ্ছিন্ন এলাকাগুলোতে দিনরাত টহল দিচ্ছে অত্যাধুনিক ড্রোন (UAV)।

প্রতিকূল পরিবেশেও প্রযুক্তির চোখ

ঘন কুয়াশা কিংবা গভীর রাত—কোনো অবস্থাতেই আর লুকানো সম্ভব নয়।
থার্মাল ইমেজার প্রযুক্তির মাধ্যমে মানুষের শরীরের তাপ শনাক্ত করে ছবি পাঠানো যাবে সহজেই।
এছাড়া মাটির নিচ দিয়ে সুড়ঙ্গ খনন বা গোপন চলাচল ঠেকাতে ব্যবহার করা হচ্ছে আন্ডারগ্রাউন্ড ভাইব্রেশন সেন্সর, যা সামান্য কম্পনও শনাক্ত করতে সক্ষম।

সীমান্ত ব্যবস্থাপনায় নতুন দিগন্ত

বিজিবি সূত্র জানায়, এই স্মার্ট ফেন্সিং ব্যবস্থা চালুর ফলে চোরাচালান, মানবপাচার ও অবৈধ অনুপ্রবেশ কার্যত শূন্যের কোটায় নামিয়ে আনা সম্ভব হবে। পাশাপাশি দুর্গম এলাকায় দায়িত্বরত সদস্যদের ঝুঁকি কমবে এবং দ্রুত ব্যবস্থা গ্রহণ সহজ হবে।

“প্রযুক্তি যখন পাহারাদার, সীমান্ত তখন আরও নিরাপদ”—এই লক্ষ্য নিয়েই শুরু হলো সীমান্ত ব্যবস্থাপনার নতুন যুগ।

পাঠকের মতামত

কক্সবাজারে হচ্ছে পর্যটন হাব,আমন্ত্রণ জানানো হচ্ছে বিদেশি বিনিয়োগকারীদের

পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন হাবে রূপান্তরের উদ্যোগ শুরু হয়েছে। এ লক্ষ্যে সমন্বিত ...

রোহিঙ্গা ক্যাম্পে সরকারি অনুমতি ছাড়া ঘর নির্মাণ: ১০ দিনের কারাদণ্ড

কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পে সরকারি অনুমতি ছাড়া ঘর নির্মাণের অপরাধে আবু বক্কর সিদ্দিক (৪৬) ...
Single Page Footer