ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩০/০৮/২০২৬ ৮:৪০ এএম

ক্যাশলেস সোসাইটি গড়তে সরকার বাংলা কিউআর ব্যবহারে ১০০ কোটি টাকার প্রণোদনা ঘোষণা করলেও টাঙ্গাইলের গোপালপুরে এর ব্যবহার নিরুৎসাহিত করার অভিযোগ উঠেছে বিকাশের বিরুদ্ধে।

অভিযোগ রয়েছে, বাংলা কিউআর কোড ব্যবহারকারী এজেন্টদের সঙ্গে ব্যবসা না করার মৌখিক নির্দেশনা দিয়েছে বিকাশের ডিস্ট্রিবিউশন হাউসের প্রতিনিধিরা।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক এজেন্ট জানান, সম্প্রতি বিকাশ ডিস্ট্রিবিউশন হাউসের গোপালপুর, ধনবাড়ী ও মধুপুর অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার মাঠ পরিদর্শনের সময় বাংলা কিউআর ব্যবহারকারী এজেন্টদের তালিকা সংগ্রহ করেন।

তারা অভিযোগ করেন, পরদিন গোপালপুরের এজেন্টদের বাংলা কিউআরে লেনদেন না করার জন্য মৌখিক নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনা অমান্য করলে তাদের সঙ্গে বিকাশ ব্যবসা করবে না বলেও জানানো হয়।

ডিস্ট্রিবিউশন হাউসের এক প্রতিনিধির দাবি, ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শনে এসে কোনো এজেন্টের দোকানে বাংলা কিউআর দেখতে পেলে মাঠপর্যায়ে চাপ প্রয়োগ করা হয়।

এদিকে ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়ার উদ্যোগের অংশ হিসেবে গত ১ জুলাই থেকে বাংলা কিউআর পেমেন্ট সিস্টেম বাধ্যতামূলক করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স নবায়নের জন্য বাংলা কিউআর কোড থাকা বাধ্যতামূলক। ফলে এ ব্যবস্থা বাস্তবায়নে বাধা সৃষ্টি হলে ব্যবসায়ীরাও বিপাকে পড়তে পারেন।

সম্প্রতি এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

ভিডিওতে ফেনীর এক এজেন্ট রুবেল মজুমদার দাবি করেন, “বাংলা কিউআর রাখার কারণে আমার এজেন্ট বন্ধ করে দিয়েছে। তারা বলেছে, বিকাশের ব্যবসা করতে হলে বাংলা কিউআর আপনার দোকানে রাখা যাবে না।”

বাংলা কিউআরের মাধ্যমে মোবাইল ও অনলাইন ব্যাংকিংয়ে সহজে পেমেন্ট করা যায় এবং নগদ অর্থ বহন ও জাল টাকার ঝুঁকি কমে। সরকার আগামী ১ অক্টোবর থেকে প্রণোদনার মাধ্যমে কিউআর লেনদেনের চার্জ মওকুফেরও ঘোষণা দিয়েছে।

গোপালপুরের উপজেলা সুপারভাইজার হুমায়ূন কবিরের দাবি, কোন এজেন্ট পয়েন্টে বাংলা কিউআর ব্যবহার করলে বিকাশের লেনদেনটা একটু খারাপ হয়।

এ কারণে এজেন্টদের বাংলা কিউআরে লেনদেন না করে এজেন্টের প্রতি আকৃষ্ট হওয়ার কথা বলা হয়েছে উল্লেখ করে তিনি জানান, ছোট লেনদেনে তাদের আপত্তি নেই, তবে বড় লেনদেন তার কাছে অনৈতিক মনে হয়।

অভিযোগের বিষয়ে বিকাশের কমার্শিয়াল বিভাগের ডিস্ট্রিবিউশন অ্যান্ড রিটেইল বিজনেসের এরিয়া ম্যানেজার এবিএম সাইদুল গণি বলেন, এ বিষয়ে জানতে বিকাশের মিডিয়া বিভাগের সঙ্গে যোগাযোগ করতে হবে। সুত্র, প্রতিদিনের বাংলাদেশ

পাঠকের মতামত

কক্সবাজারে দেশের ৩য় সাবমেরিন ক্যাবল চালু হচ্ছে আগামী বছর

দেশের ক্রমবর্ধমান ইন্টারনেটের চাহিদা মেটাতে এবং তথ্যের মহাসড়কে বাংলাদেশের সার্বভৌমত্ব ধরে রাখতে কক্সবাজারেই স্থাপিত হচ্ছে ...

ফেসবুক বিজ্ঞাপনে সরাসরি বিকাশ পেমেন্ট, লাগবে না ডুয়েল কারেন্সি কার্ড

বাংলাদেশের ই-কমার্স, এফ-কমার্স এবং ডিজিটাল মার্কেটিং খাতের উদ্যোক্তাদের সুখবর দিয়েছে ফেসবুক। সংস্থাটির মূল প্রতিষ্ঠান মেটা ...
Single Page Footer