কক্সবাজার জেলা জামায়াতের কর্মপরিষদ বৈঠকে
পানিবন্দি মানুষের সহায়তা ও পুনর্বাসনের আহ্বান

বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা শাখার কর্মপরিষদ বৈঠক বৃহস্পতিবার (৯ জুলাই) কক্সবাজার শহরের হাসপাতাল সড়কস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে জেলার চলমান রাজনৈতিক পরিস্থিতি, বন্যা, জুলাই আন্দোলনের কর্মসূচি, স্থানীয় সরকার নির্বাচন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও একাধিক সিদ্ধান্ত গৃহীত হয়।
জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে জেলা নায়েবে আমীর, সহকারী সেক্রেটারি, সাংগঠনিক সেক্রেটারিসহ কর্মপরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
বৈঠকে সাম্প্রতিক প্রবল বর্ষণে পাহাড় ধসে নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ, তাদের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। একই সঙ্গে জেলার অবনতিশীল বন্যা পরিস্থিতিতে পানিবন্দি মানুষের জন্য জরুরি মানবিক সহায়তা এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
এছাড়া জুলাই আন্দোলনের শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তাদের মাগফিরাত কামনা করা হয় এবং কেন্দ্র ঘোষিত জুলাই বিপ্লবের কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়। এর অংশ হিসেবে আগামী ১৬ জুলাই জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজনের জন্য পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। পাশাপাশি ১ আগস্ট গণমিছিল এবং ১১ দলীয় ঐক্য ঘোষিত কর্মসূচি পালনেরও সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠকে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থী নির্ধারণের বিষয়েও আলোচনা হয়। একই সঙ্গে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের কার্যকর ভূমিকা এবং কক্সবাজার শহরের যানজট নিরসনে ফুটপাতের হকারদের পুনর্বাসনের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।



পাঠকের মতামত