
দেশের সর্বদক্ষিণে অবস্থিত কক্সবাজারের টেকনাফের প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন গত ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে। অনুমোদন জটিলতা পেরিয়ে এর ৫ দিন পর ৫ নভেম্বর শুরু হয় কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে জাহাজ চলাচল।
অনুমোদন পাওয়া তিনটি জাহাজ হলো – এমভি বারো আউলিয়া, এমভি টেকনাফ ও এমভি কর্ণফুলী। ৯ নভেম্বর (সোমবার) পর্যন্ত ৫ দিনে এসব জাহাজে করে ট্রাভেল পাসের মাধ্যমে সেন্ট মার্টিন ভ্রমণে এসেছেন ৪ হাজার ৩৯১ জন পর্যটক। এর মধ্যে এমভি বার আউলিয়া পরিবহন করেছে সর্বোচ্চ ২ হাজার ১৪৯ জন যাত্রী। এছাড়াও এমভি কর্ণফুলীতে ১ হাজার ১৯ জন এবং এমভি টেকনাফে করে ১ হাজার ২ শত ২৩ সেন্ট মার্টিন গিয়েছেন।
জাহাজগুলোতে দৈনিক ধারণক্ষমতা ২ হাজার ২৯৮ জন। যদিও এবারের মৌসুমে প্রতিদিন সাড়ে ৩ হাজার পর্যটক যাওয়ার অনুমতি রয়েছে। সে অনুপাতে গত ৫ দিনে ১৭ হাজার ৫০০ জন পর্যটকের ভ্রমণের সুযোগ থাকলেও এসেছে মাত্র ২৫ শতাংশ।
দীর্ঘ যাত্রার ক্লান্তিতে পর্যটকদের ভোগান্তি
সমুদ্রপথে জোয়ার-ভাটার ওপর ভিত্তি করে প্রতিদিন সকালে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাট থেকে পর্যটকবাহী জাহাজগুলো যাত্রা করছে। ৯৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সেন্ট মার্টিন পৌঁছাতে পর্যটকদের সময় গুনতে হচ্ছে ৬ থেকে ৭ ঘণ্টা।

দীর্ঘ এই যাত্রাকে অস্বস্তিকর এবং দুর্ভোগের মনে করছেন পর্যটকরা। সোমবার (৯ নভেম্বর) বিকেলে এমভি টেকনাফে করে সেন্ট মার্টিনে আসা পর্যটক ঢাকার বাসিন্দা কামরুল হোসাইন বলেন, এত লম্বা জার্নি বিরক্তিকর, জাহাজ ছাড়ার পর প্রথম ঘণ্টা কিছুটা ভালো লাগলেও যত সময় যায় ততই বিরক্তি কাজ করা শুরু করে। টেকনাফ থেকে ৭ বছর আগে মাত্র ২ ঘণ্টায় সেন্টমার্টিন এসেছিলাম তখন এমনটা লাগেনি।
জাহাজের অতিরিক্ত ভাড়া নিয়েও হতাশা দেখা গেছে পর্যটকদের মধ্যে। রাজবাড়ীর বাসিন্দা মোমেনুল হাকিম বলেন, সেন্ট মার্টিন অনেক পছন্দের জায়গা আমার। তাই পরিবারের ৫ সদস্য নিয়ে ঘুরতে এসেছি, রাউন্ড টিকেট (যাওয়া-আসা) কেটেছি জনপ্রতি ৫ হাজার টাকা করে। দামটা বেশি হয়ে গেছে, কমালে মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য ভালো হয়।
নানা প্রতিবন্ধকতার কারণে কক্সবাজার থেকে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হলেও সেন্ট মার্টিনের স্থানীয়রা বলছেন, টেকনাফ কিংবা ইনানী থেকে যদি জাহাজ চলে তাহলে পর্যটকের সংখ্যা বেশি হবে এবং ভ্রমণও স্বস্তির হবে।
সরকারের নির্দেশনা অনুযায়ী, ১ নভেম্বর থেকে আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত সেন্ট মার্টিনে পর্যটক যাতায়াতের সুযোগ থাকবে। এ সময় পর্যটকেরা দ্বীপে ভ্রমণের পাশাপাশি রাত্রিযাপনও করতে পারবেন।
পর্যটকদের জন্য এবার কয়েকটি শর্ত বাধ্যতামূলক করা হয়েছে। প্রত্যেক পর্যটককে ১০০ টাকা পরিবেশ সংরক্ষণ ফি দিতে হবে। পাশাপাশি ভ্রমণের জন্য ট্রাভেল পাস এবং কিউআর কোডযুক্ত টিকিট সংগ্রহ করতে হবে। এসব ব্যবস্থার মাধ্যমে দ্বীপে পর্যটকের সংখ্যা নিয়ন্ত্রণ, পর্যটকদের পরিচয় ও যাতায়াতের তথ্য সংরক্ষণ এবং পরিবেশ সংরক্ষণ কার্যক্রম জোরদার করার লক্ষ্য নেওয়া হয়েছে।
পর্যটনে সুযোগ, পরিবেশ রক্ষায় কঠোর বিধিনিষেধ
সেন্ট মার্টিনে পর্যটকদের প্রবেশের অনুমতি দেওয়া হলেও দ্বীপটির ভঙ্গুর পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় একাধিক বিধিনিষেধ বহাল রাখা হয়েছে। বিশেষ করে রাতের বেলায় পর্যটকদের কর্মকাণ্ড নিয়ন্ত্রণে কঠোর নির্দেশনা রয়েছে।
নির্দেশনা অনুযায়ী, রাতে সমুদ্রসৈকত ও আশপাশের এলাকায় আলো জ্বালানো, উচ্চ শব্দ সৃষ্টি এবং বারবিকিউ পার্টির আয়োজন করা যাবে না। নিষিদ্ধ করা হয়েছে কেয়াবনে প্রবেশ, কেয়া ফল সংগ্রহ ও কেনাবেচাও।
সৈকতে মোটরসাইকেল, সি-বাইকসহ সব ধরনের যানবাহন চলাচলও নিষিদ্ধ। এ ছাড়া সামুদ্রিক কাছিম, পাখি, প্রবাল, শামুক, ঝিনুক, তারামাছ, রাজকাঁকড়া, সামুদ্রিক ঘাস ও শৈবালসহ দ্বীপের কোনো প্রাকৃতিক সম্পদ বা জীববৈচিত্র্যের ক্ষতি করা যাবে না। সুত্র, ঢাকাপোষ্ট

পাঠকের মতামত